সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ট্রাফিক আইন লঙ্ঘন করলে এখন থেকে চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্ট (ডিমেরিট পয়েন্ট) কাটা হবে । বরাদ্দকৃত পয়েন্ট শূন্যে নেমে এলে লাইসেন্স স্থগিত, প্রত্যাহার কিংবা বাতিল হওয়ারও ঝুঁকি থাকবে।
এ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য দেশজুড়ে চালু হতে যাচ্ছে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS)’ নামে একটি বিশেষ অ্যাপ। মঙ্গলবার (৫ মে) এক বার্তার মাধ্যমে বিআরটিএ এই তথ্য নিশ্চিত করেছে।
পয়েন্ট সিস্টেম যেভাবে কাজ করবে
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে মোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকবে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিল-৪ অনুযায়ী নির্দিষ্ট ট্রাফিক অপরাধে এই পয়েন্ট কাটা হবে। এছাড়া আইনটির ৬৬ থেকে ১০৬ নম্বর ধারায় বিভিন্ন অপরাধের জন্য অর্থদণ্ড, কারাদণ্ড এবং পয়েন্ট কর্তনের বিধান রাখা হয়েছে। একই ধরনের অপরাধ বারবার করলে কিংবা বরাদ্দকৃত পয়েন্ট শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করা হতে পারে বলেও সংস্থাটি স্পষ্ট করেছে।
কোন অপরাধে কত পয়েন্ট কাটা যাবে?
তফসিল-৪ অনুযায়ী দোষসূচক পয়েন্ট কর্তনের তালিকা [বিধি-২০(২) ও ২০(৩) দ্রষ্টব্য]:
১। ট্রাফিক সাইন ও সংকেত এর ব্যবহার মানিয়া চলা সংক্রান্ত ধারা ৪২ এর বিধান লঙ্ঘন – ১
২। মোটরযানের বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত ধারা ৩১ এর বিধান লঙ্ঘন – ১
৩। গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা ৩৪ এর বিধান লঙ্ঘন – ১
৪। কন্ট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা ৩৫ এর বিধান লঙ্ঘন – ১
৫। অতিরিক্ত ওজন বহন করিয়া মোটরযান চালানো সংক্রান্ত ধারা ৪৩ এর বিধান লঙ্ঘন – ২
৬। মোটরযানের গতিসীমা নিয়ন্ত্রণ সংক্রান্ত ধারা ৪৪ এর বিধান লঙ্ঘন – ১
৭। নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চ মাত্রার কোনোরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন সংক্রান্ত ধারা ৪৫ এর বিধান লঙ্ঘন – ১
৮। পরিবেশ দূষণকারী, ঝুঁকিপূর্ণ ইত্যাদি মোটরযান চালনা বিধি-নিষেধ সংক্রান্ত ধারা ৪৬ এর বিধান লঙ্ঘন – ১
৯। মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য উঠানামার নির্ধারিত স্থান ব্যবহার সংক্রান্ত ধারা ৪৭ এর বিধান লঙ্ঘন – ১
১০। দ্রুতগতির মোটরযান প্রবেশের ক্ষেত্রে মহাসড়কের ব্যবহার সংক্রান্ত ধারা ৪৮ এর বিধান লঙ্ঘন – ১
১১। মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলি সংক্রান্ত ধারা ৪৯ এর বিধান লঙ্ঘন – ১
১২। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত ধারা ৬২ এর বিধান লঙ্ঘন – ১
১৩। ইচ্ছাকৃতভাবে পথ আটকাইয়া বা অন্য কোনোভাবে অন্যান্য মোটরযানের চলাচলে বাধা সৃষ্টি – ২
চালকদের প্রতি বিআরটিএ-র আহ্বান
নতুন এই ব্যবস্থা সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে এবং চালকদের আরও দায়িত্বশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। RSPS অ্যাপটি শিগগিরই দেশজুড়ে একযোগে চালু করা হবে বলে জানিয়েছে বিআরটিএ। এ অবস্থায় সকল চালককে সড়ক পরিবহন আইন ও বিধিমালা মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। কারণ একটিমাত্র ছোট ভুলেই হারিয়ে যেতে পারে আপনার লাইসেন্সের মূল্যবান পয়েন্ট আর পয়েন্ট ফুরিয়ে গেলে স্টিয়ারিং থেকে দূরে থাকতে হতে পারে দীর্ঘ সময়।


